সংবাদদাতা, দুর্গাপুর: রবিবার সকালে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লীতে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বেলা প্রায় ১১টা নাগাদ হঠাৎই ওই গোডাউনে আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে মজুদ থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের বস্তা।
আগুন লাগার পর থেকেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দূর থেকে দেখা যায় ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশের দিকে উঠছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন পরিস্থিতি বোঝার জন্য। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে।

প্রথমে একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা বুঝে পরে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। মোট তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।দমকল আধিকারিক রিপন বড়ুয়া জানান, “খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। একটি অস্থায়ী ঘরে প্লাস্টিকের বস্তা মজুদ ছিল, সেখান থেকেই আগুন ছড়ায়। সমস্ত প্লাস্টিক পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর নেই।”

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকল সূত্রে অনুমান, শর্ট সার্কিট বা অসাবধানতার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য থাকলেও বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে দমকল বাহিনীর তৎপরতায়।দ্রুত পদক্ষেপ ও সময়োচিত তৎপরতার ফলে বড় বিপর্যয় এড়ানো গেলেও, এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে অস্থায়ী গুদামে দাহ্য পদার্থ মজুদের নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা জরুরি।
