,
দুর্গাপুর: এ জোন ফাঁড়ির অন্তর্গত ট্রাঙ্ক রোড এলাকায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা একটি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকার ব্যবসায়ী মহলে।জানা গিয়েছে, দুষ্কৃতীরা দোকানের ভেতর থেকে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা নগদ, সিগারেট, চকোলেট-সহ লক্ষাধিক টাকার বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়ে যায়। সোমবার সকালে দোকান খুলতে এসে বিষয়টি প্রথম নজরে পড়ে দোকান মালিক গোপাল আগরওয়ালের। দোকানের ভাঙা তালা দেখে তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পুলিশকে খবর দেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ট্রাঙ্ক রোড এলাকায় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই পাশের একটি দোকানেও একই ধরনের চুরি হয়েছিল। কিন্তু সেই ঘটনায় এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ না নেওয়ায় দুষ্কৃতীদের সাহস আরও বেড়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।ব্যবসায়ী মহলের অভিযোগ, এলাকায় নিয়মিত পুলিশ টহলের অভাব ও প্রশাসনিক উদাসীনতার কারণেই বারবার এই ধরনের অপরাধ ঘটছে। রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পুলিশি নজরদারি বাড়ানোর দাবিতে সরব হয়েছেন ব্যবসায়ীরা।দোকান মালিক গোপাল আগরওয়াল প্রশাসনের কাছে দ্রুত চুরি যাওয়া টাকা ও সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিও তুলেছেন তিনি।
বারবার চুরির ঘটনায় ট্রাঙ্ক রোড এলাকার ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।
রাতের পুলিশি টহল ও কড়া নজরদারির দাবিতে ক্রমশ জোরালো হচ্ছে ব্যবসায়ী মহলের আওয়াজ।
