দুর্গাপুর : নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল চারচাকা গাড়ি। মর্মান্তিক মৃত্যু হলো দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকের। ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার মুচিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম স্বপন কুমার দাস( ৫০) । দুর্গাপুরে নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা। আরেকটি দুর্ঘটনা ঘটলো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার হেবি মোড়ে। সেখানেও একটি পুলিশ লেখা চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আহত হয় গাড়িতে থাকা যাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইস্পাত কারখানার ওই আধিকারিক স্বপন কুমার দাস তার পরিবারের সদস্যদের নিয়ে বিধান নগরের দিক থেকে পানাগড়ের দিকে যাচ্ছিলেন।

তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মুচিপাড়া বাসস্ট্যান্ডের সামনে উনিশ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বপন কুমার দাস সহ আরোহীদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা স্বপন কুমার দাসকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে একটি পুলিশ লেখা চারচাকা গাড়িতে করে এক যুবক দুর্গাপুরের দিক থেকে মুচিপাড়ার দিকে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে এমএএমসি হেভি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। যদিও সে অল্প বিস্তার আহত হয়। এই পৃথক দুই জায়গায় দুর্ঘটনা জেরে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করে গাড়ি দুটিকে সরিয়ে দেওয়া হলে স্বাভাবিক হয় যান চলাচল।
