দুর্গাপুর: তোলাবাজি, ভোট পরবর্তী সন্ত্রাস এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হলো দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদ্বীপ ঘটককে। তিনি দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা এলাকার বাসিন্দা। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ।অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল তৃণমূল নেতৃত্ব। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, সাধারণ মানুষকে প্রভাবিত করা এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠছিল শতদ্বীপ ঘটকের বিরুদ্ধে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে একাধিক সন্ত্রাসমূলক ঘটনার সঙ্গে তার নাম জড়ায় বলে অভিযোগ।এলাকার বহু মানুষ অভিযোগ জানালেও এতদিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনিক পদক্ষেপের নির্দেশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তোলাবাজি, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে একের পর এক অভিযান শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শতদ্বীপ ঘটককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শতদ্বীপ ঘটক। তিনি দাবি করেন, কেন তাকে গ্রেফতার করা হলো তা তিনি নিজেও জানেন না। তার বক্তব্য, “২০২১ সালের ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে আজ আমাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই সময় আমার পিতৃবিয়োগ হয়েছিল, আমি শোকাহত ছিলাম। এতদিন পরে কেন গ্রেফতার করা হলো, তা আমি কিছুই বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।”
তোলাবাজি ও ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি শতদ্বীপ ঘটক
