পার্টি অফিসে সাদা থান, দা-কুড়ুল ও সরকারি সামগ্রী! লাভলী রায়কে ঘিরে চাঞ্চল্য

সংবাদদাতা, দুর্গাপুর : প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলী রায়ের পার্টি অফিস থেকে সাদা থান কাপড়, দা-কুড়ুল এবং সরকারি প্রকল্পের বিভিন্ন সামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। রবিবার দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামরা বাজার সংলগ্ন ওই পার্টি অফিসের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় পৌঁছয় পুলিশ।বিজেপি কর্মীদের অভিযোগ, পার্টি অফিসের ভিতরে সরকারি প্রকল্পের আবর্জনা সংগ্রহের ডাস্টবিন, সবুজ সাথী প্রকল্পের সাইকেল-সহ একাধিক সামগ্রী মজুত রাখা হয়েছিল। পাশাপাশি সেখানে সাদা থান কাপড়, দা ও কুড়ুলের মতো সামগ্রীও পাওয়া গিয়েছে বলে দাবি তাঁদের। এই ঘটনার প্রতিবাদে পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে স্লোগান তোলেন বিজেপি কর্মী-সমর্থকেরা।বিজেপি নেতা স্বাধীন রায়ের অভিযোগ, নির্বাচনে বিজেপি পরাজিত হলে বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখাতে বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে এই সাদা থান কাপড় ব্যবহার করা হতে পারত। পাশাপাশি সরকারি প্রকল্পের বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের কাছে বিক্রিরও পরিকল্পনা ছিল বলে অভিযোগ তাঁর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, তৃণমূলের প্রাক্তন কর্মী কাঞ্চন সাহাও একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সরকারি জমি বিক্রি বা বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করলেই হুমকির মুখে পড়তে হতো। এমনকি পার্টি অফিসে আটকে রেখে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে সাদা থান কাপড়, দা-কুড়ুল এবং সরকারি প্রকল্পের সামগ্রী কেন মজুত ছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর লাভলী রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *