মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই

সংবাদদাতা,দুর্গাপুরঃ নির্বাচনী প্রচারের মধ্যেই চলছে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা। পশ্চিম বর্ধমান জেলায় মোট ৯টি বিধানসভা কেন্দ্রের প্রায় সব দলের প্রার্থীরাই তাদের মনোনয়ন জমা করেছেন। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসক কার্যালয়ে একাধিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা করেন। বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এলে সেখানে হাজির থাকা তৃণমূলের সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পাল্টা বিজেপি কর্মীরাও জয় শ্রীরাম স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ অবশ্য পরিস্থিতি সামলে নেয়। ওই দিন অন্যদের থেকে একটু দেরি করে মনোনয়ন জমা দিতে আসেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই।

অন্য প্রার্থীদের সঙ্গে অনেক বেশি লোকজন থাকলেও তিনি অল্প কিছু অনুগামী নিয়ে মনোনয়ন জমা করতে আসেন। সেই সময়ও তৃণমূলের কিছু সমর্থক জয় বাংলা স্লোগান দিতে থাকেন। তা দেখে দাঁড়িয়ে যান লক্ষ্মণ। পুলিশ অবশ্য তাঁকে সঙ্গে নিয়ে মহকুমা শাসক কার্যালয়ের ভিতরে পৌঁছে দেয়। মনোনয়ন জমা দিয়ে বাইরে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,তৃণমূল আসলে আমাদের ভয় পাচ্ছে। তাই আমাদের দেখলেই জয় বাংলা স্লোগান দিচ্ছে। তবে তাতে ওদের কোনো লাভ হবে না। ওরা আবার হারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *