দেশবিরোধী অভিযোগে সরগরম দুর্গাপুর, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

দুর্গাপুর : পাকিস্তানের পতাকা উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চরম উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রায়ডাঙা কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দফতরের কর্মী আশরাফ আলির বাড়ির সামনে পাকিস্তানের জাতীয় পতাকা দেখতে পান এলাকার বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক মানুষ অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। অভিযোগ ওঠে, এই ঘটনা দেশবিরোধী মানসিকতারই বহিঃপ্রকাশ।


ক্রমশ উত্তেজনা বাড়তে থাকায় খবর দেওয়া হয় কোকওভেন থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আশরাফ আলি। তিনি জানান, ইচ্ছাকৃতভাবে তাঁকে হেনস্থা করার উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে এবং ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

ঘটনাকে কেন্দ্র করে এখনও রায়ডাঙা কলোনি এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *