সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর শহরের অন্যতম এক সুপরিচিত বৃদ্ধাবাস হল বাদশা বৃদ্ধাশ্রম। এটি ইস্পাত নগরীর এ জোনের নেতাজী সুভাষ রোডে অবস্থিত। সম্প্রতি প্রতি বছরের মতো এ বছরও এখানে অনুষ্ঠিত হয়ে গেল সংস্থার পরিচালন মন্ডলীর বার্ষিক সম্মেলন। উপস্থিত ছিলেন এই সংস্থার কর্ণধার বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী সুকুমার রায়। এই উপলক্ষে আশ্রমের আবাসিক বৃদ্ধ বৃদ্ধা ছাড়াও সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ।

এসেছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী, মহকুমা শাসক কৌশিক চ্যাটার্জী, দূর্গাপুর ইস্পাত কারখানার সিজিএম, প্রমোদ কুমার সিনহা প্রমুখ। এদের উপস্থিতি তে সারাদিন আনন্দের সঙ্গে কাটালেন বাদশার আবাসিক বৃদ্ধ বৃদ্ধারা। তারা জানান, বছরের বিভিন্ন সময়ে অনেকটা একঘেয়েমি কাটলেও এই বাৎসরিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের খুবই আনন্দ হয়।
দীর্ঘ কয়েক বছর ধরে প্রবীন মানুষ গুলোর একসাথে থাকার আশ্রয়স্থল হয়ে উঠেছে দুর্গাপুর শহরের এই বাদশা নামের বৃদ্ধাবাস। বিভিন্ন কারণে ঘরবাড়ি ছেড়ে আসা এখানে আবাসিক হয়ে থাকা মানুষের জন্য বছরের বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠান হয় বলে জানান বাদশার কর্ণধার সুকুমার রায়। রবিবার নিজস্ব অডিটোরিয়ামে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছিল।

উৎসব উপলক্ষ্যে বয়স্ক আবাসিকদের উচ্ছ্বাস, আবেগ ছিল চোখে পড়ার মতো। অনেক রাত পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে উৎসব মুখর হয়ে উঠে বৃদ্ধাবাস। সকলের মধ্যে মিলে মিশে আবাসিকরা আপ্লুত হয়ে উঠেন। সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিষয় ছিল “বয়স্ক ব্যাক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন।” বক্তা হিসাবে ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী, মহকুমাশাসক কৌশিক চ্যাটার্জী, সিজিএম, প্রমোদ কুমার সিনহা। আয় ব্যয়ের হিসাব পেশ করেন গৌতম ভাদুড়ী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ওই বৃদ্ধাবাসের দুই আবাসিক ঝর্ণা মুখার্জী ও অনিন্দিতা ব্যানার্জী। অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী এই বৃদ্ধাবাসের আবাসিকদের পাশে থাকার আশ্বাস দেন। রাতে আবাসিকদের নিয়ে মহা ভোজের আয়োজন করা হয়।
