সংবাদদাতা, দুর্গাপুর: মেলায় ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। এই অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থানার কমলপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কমলপুরে একটি মেলা বসেছিল। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিল আদিবাসী ওই কিশোরী। অভিযোগ, সুযোগ বুঝে চার যুবক তাকে জোর করে পাশের একটি জঙ্গল এলাকায় নিয়ে যায়। সেখানে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ।
ঘটনার পর কোনওক্রমে বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই নাবালিকা। এরপর পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত অজয় সোরেন, লক্ষ্মণ ওরফে রবীন বাস্কে, বুধন টুডু এবং রাজু মান্ডিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনই নির্যাতিতার প্রতিবেশী।নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছেন।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রীত সিং জানান, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মামলায় সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ, চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
