দক্ষিণবঙ্গে সবুজ যাত্রার সূচনা, ২০ সিএনজি বাসের ভার্চুয়াল উদ্বোধন

সংবাদদাতা , দুর্গাপুর : দক্ষিণবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও যাত্রীসুবিধামূলক করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)-র ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই কর্মসূচির জেলা-স্তরের অনুষ্ঠান হয় দুর্গাপুরের সিটি সেন্টারে।এদিন উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব এবং বর্ধমান ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট জনেরা।

পরিবহণ দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি সিএনজি বাস চলাচল করবে। চারটি বাস চলবে ঝাড়গ্রাম–কলকাতা রুটে, একটি পটাশপুর–করুণাময়ী, একটি আসানসোল–ঝিলিমিলি, একটি বর্ধমান–ঝাড়গ্রাম, একটি বর্ধমান–বাঁকুড়া, একটি বর্ধমান–আসানসোল রুটে। এছাড়া চারটি বাস বেলঘরিয়া (করুণাময়ী)–আসানসোল, একটি বেলঘরিয়া (করুণাময়ী)–বাঁকুড়া, পাঁচটি বেলঘরিয়া–দীঘা এবং একটি বেলঘরিয়া–টাকি রুটে চলবে। মোট ১০টি রুটে এই নতুন বহর পরিষেবা দেবে। সুভাষ মন্ডল (চেয়ারম্যান , এসবিএসটি সি)

রাজ্য সরকারের দাবি, সিএনজি বাস চালু হওয়ায় একদিকে যেমন জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে বায়ুদূষণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পরিবেশ রক্ষার পাশাপাশি যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।সবুজ জ্বালানির এই যাত্রা দীর্ঘমেয়াদে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও টেকসই ও জনমুখী করে তুলবে বলেই আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *