সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর স্টেশন থেকে আমলাজোড়া রুটে একটি বাতানুকূল ইলেকট্রিক বাস চালু হয়েছে শুক্রবার থেকে। উদ্বোধনের পরে ওই বাসেই আমলাজোড়া যান স্থানীয় দুই বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রণবকুমার ঘোষ। উল্লেখ্য,আনেক আগে এই রুটে বাস থাকলেও প্রায় দেড় দশক ধরে এই রুটে সরকারী বাস পরিষেবা বন্ধ ছিল। জানা গেছে, মাত্র দু’দিন আগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দপ্তরে গিয়ে আমলাজোড়া থেকে দুর্গাপুর পর্যন্ত সরকারি বাস চালানোর দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

দাবি জানানোর ৪৮ ঘণ্টার মধ্যে আমলাজোড় থেকে দুর্গাপুর পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু হয়ে গেল। লক্ষ্মণের অভিযোগ, তৃণমূলের আমলে এই রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ দেড় দশক পরে এই রুটে ফের সরকারি বাস চালু করল তারা। এই পরিষেবায় কলেজ পড়ুয়াদের বিশেষ সুবিধা হবে। যোগাযোগের অভাবে এই এলাকার ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। লক্ষ্মণ বলেছেন, ‘এই বাস পরিষেবায় পড়ুয়াদের সুবিধা হবে। এ ছাড়া বিভিন্ন কাজে যাঁরা নিয়মিত দুর্গাপুরে যাতায়াত করেন, তাঁদেরও সুবিধা হবে।’ উদ্বোধনের দিন আমলাজোড়া অঞ্চলের বেশ কিছু মানুষ এ দিন দুর্গাপুর স্টেশনে এসেছিলেন বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে। তাঁদের অনেকেই এই বসে চড়ে দুর্গাপুর স্টেশন থেকে আমলাজোড়া গ্রামে যান। সরকারী বাস পরিষেবা চালু হওয়ায় তারা খুশি।
