সংবাদদাতা দুর্গাপুর : চলন্ত টোটো থেকে আচমকা হু হু করে বেরোচ্ছে ধোঁয়া। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মামড়া বাজারের জগন্নাথ মন্দিরের ঠিক সামনে।জানা গিয়েছে, বি-ওয়ান মোড় থেকে ফল বোঝাই করে এমএমসি-র দিকে যাচ্ছিল টোটোটি। হঠাৎই গাড়ির ব্যাটারির অংশ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। বিপদ বুঝে চালক তড়িঘড়ি টোটোটি রাস্তার ধারে থামিয়ে নেমে পড়েন।

নিমেষেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট বা ব্যাটারির যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। আপাতত এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
