সংবাদদাতা,দুর্গাপুরঃ বাংলার অন্যতম উৎসব রথযাত্রা। রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও বেশ ধূমধামের সঙ্গেই প্রতি বছর রথযাত্রা উৎসব পালিত হয়। তবে এবছর দুর্গাপুরের ইসকনের রথের মেলায় আকর্ষণীয় থিম হিসেবে করা হচ্ছে ‘রাম রাজ্য’। রথের মধ্যেই থাকছে রামায়ণের নানা চিত্র। রামের শিশুবেলা থেকে বিভিন্ন পর্যায়ে শ্রীরাম হয়ে ওঠা অর্থাৎ ঋষি বিশ্বামিত্রের সঙ্গে যাত্রা,সীতার স্বয়ংম্বর,১৪ বছরের বনবাস,সীতা হরণ,হনুমানের লঙ্কা অভিযান,রাবন বধ থেকে শ্রীরামের অযোধ্যায় প্রত্যাবর্তন সব কিছুই প্রদর্শণীর মাধ্যমে তুলে ধরা হবে বলে জানিয়েছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ।

ইস্পাত নগরীর আকবর রোড ময়দানে হচ্ছে অস্থায়ী মাসির বাড়ি। এটা হচ্ছে রাজস্থানের জৈন মন্দিরের আদলে গুন্ডিচা মন্দির। ইসকনের প্রধান সেবাইত ঔধর্য চন্দ্র দাস জানিয়েছেন,আকবর ময়দানের অস্থায়ী মন্দিরেই রথযাত্রার পর সাত দিন অবস্থান করবেন মহাপ্রভু। এছাড়াও তিনি জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষ্যে এখানে প্রতিবারের মতো মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলার মূল আকর্ষণ হল শ্রীরামের জীবন ভিত্তিক বিশেষ প্রদর্শণী। যার মাধ্যমে দর্শকরা অনুভব করতে পারবেন রামের আদর্শ,ত্যাগ,সত্যনিষ্ঠা ও ধর্মরক্ষার বার্তাও। ইসকন কর্তৃপক্ষের আশা এবারের তাদের রথের মেলা ছোটো থেকে বড় সবাইকেই সমানভাবে আকর্ষণ করবে।
