সংবাদদাতা,দুর্গাপুরঃ ভারতের কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এই দিনটিকে স্মরণ করে সারা দেশেই নানা ক্রীড়া কর্মসূচী নেওয়া হয়। গত বছর থেকে দুর্গাপুরেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এই দিনটি উদযাপন করা হচ্ছে। এবছর “খেলবে দুর্গাপুর,জিতবে দুর্গাপুর” স্লোগান কে সামনে রেখে বাড়তি উৎসাহের সঙ্গেই জাতীয় ক্রীড়া দিবস পালন করা হল দুর্গাপুরে। গত ২২ আগস্ট এই উৎসবের সূচনা করে গেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ। সেদিন সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য বাইক মিছিল বের হয়েছিল। সেখানে বিভিন্ন স্কুল,ক্লাব,ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এদিনও শহরের সিধু কানহু স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহীদ ভগত সিং ক্রীড়াঙ্গনে পৌঁছায়।

সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। একাধিক ক্রীড়ামূলক কর্মকাণ্ড ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং ক্রীড়াক্ষেত্রে দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই,সমাজসেবী সুদেব রায় সহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব। “খেলবে দুর্গাপুর, জিতবে দুর্গাপুর” এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় স্কুল,কলেজ ও বিভিন্ন ক্রীড়া সংগঠকরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। উদ্যোক্তাদের পক্ষে আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব সীমা দত্ত চাটার্জী জানান,তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার বার্তা দেওয়াই এই উৎসব আয়োজনের লক্ষ্য।
