দুর্গাপুর: শিল্পনগরী দুর্গাপুরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই নজিরবিহীন প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা বলয়ের চিত্র ধরা পড়ে। মুখ্যমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে অবতরণের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় পৌঁছান। সেখানে দুই বিধায়ককে সঙ্গে নিয়ে খোলা গাড়িতে জনসংযোগমূলক র্যালিতে অংশ নেন তিনি। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে অভিবাদন জানিয়ে মুখ্যমন্ত্রী সৃজনী অডিটরিয়ামের উদ্দেশ্যে রওনা দেন।

সৃজনী প্রেক্ষাগৃহে পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এরপর সুসংগঠিত
নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তিনি সভাকক্ষে প্রবেশ করেন। মুখ্যমন্ত্রীর প্রবেশের মুহূর্তে গোটা চত্বর জুড়ে ছিল কড়া নজরদারি, প্রশাসনিক শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর তৎপর উপস্থিতি।
এই উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও নবনির্বাচিত বিধায়ক ও রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলার সামগ্রিক উন্নয়নমূলক কর্মসূচি, শিল্প ও পরিকাঠামোগত প্রসার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রামীণ পরিষেবা সম্প্রসারণ এবং সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথম দুর্গাপুর সফরে এলেন শুভেন্দু অধিকারী। ফলে তাঁর এই সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক কৌতূহল ও তাৎপর্য তৈরি হয়েছে।
