সংবাদদাতা দুর্গাপুর : – খাদ্যসামগ্রীর গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে লাগাতার অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুরের চন্ডিদাস, প্রান্তিকা, পাঁচমাথা মোড়, বেনাচিতি-সহ একাধিক এলাকায় অভিযান চালানো হয়।খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি অভিযানে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ এবং দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরাও। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে তল্লাশি চালিয়ে খাদ্যসামগ্রীর গুণমান, সংরক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় লাইসেন্স খতিয়ে দেখা হয়।

অভিযানে বেশ কয়েকটি দোকানে নিয়ম না মানার অভিযোগ সামনে আসে। একাধিক দোকানে ফুড লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ থেকে পচা খাদ্যসামগ্রী এবং অনুমোদনহীন ফুড কালার বাজেয়াপ্ত করেন আধিকারিকরা।।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও এই অভিযান জারি থাকবে। খাদ্যসুরক্ষা সংক্রান্ত নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
