সংবাদদাতা,দুর্গাপুরঃ কথা মতো রাজ্যের যোগ্য বৃদ্ধ বৃদ্ধা,বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতার পরিমান বাড়িয়ে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন সেপ্টেম্বর মাস থেকে বার্ধক্য ভাতা,বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এক হাজার থেকে বেড়ে দেড় হাজার টাকা করা হবে। সেই কথা মতো ৭ সেপ্টেম্বর নবান্ন সভা ঘর থেকে এই প্রকল্পগুলির বর্ধিত হারের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন তিনি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ওই দিন প্রতিটি ইউএলবি- কে ন্যূনতম ১০০ জন যোগ্য উপভোক্তাকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করতে হবে।

সেই নির্দেশ মেনে অনুযায়ী দুর্গাপুরের সৃজনী হলে ১০০ জন উপভোক্তার উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রতীকী চেক প্রদানের মাধ্যমে রাজ্য জুড়ে এই বর্ধিত অর্থ বিতরণ কর্মসূচির যে শুভ উদ্বোধন করেন সৃজনীতে সেই অনুষ্ঠান ভার্চুয়ালি দেখানো হয়। ডিবিটি ব্যবস্থার মাধ্যমে পরিষেবা প্রদানের ক্ষেত্রে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা সঠিক রয়েছে কি না,তাও পরীক্ষা করে নেওয়া হয়। সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই,মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল,দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ প্রশাসনের আধিকারিকরা। কর্মসূচীটি পরিচালনার দায়িত্বে ছিল দুর্গাপুর পুরসভা।
