দুর্গাপুর: সরকারি আর্থিক সহায়তার আশায় আবেদন করেও মিলছে না টাকা। মাসের পর মাস অপেক্ষা করেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদান না ঢোকায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। শুক্রবার দুর্গাপুরের বোকারো হোস্টেল এলাকায় সেবা সেতু ক্যাম্পকে কেন্দ্র করে সামনে এল এই অসন্তোষের ছবি।অন্নপূর্ণা যোজনার ফর্ম হাতে নিয়ে ক্যাম্পে হাজির হন একাধিক মহিলা। তাঁদের অভিযোগ, আবেদন করার পর তিন থেকে চার মাস পেরিয়ে গেলেও অনেকেই এখনও সরকারি আর্থিক সহায়তা পাননি। অন্যদিকে, যাঁদের এই সুবিধা পাওয়ার কথা নয়, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগও তোলেন তাঁরা। এই বৈষম্যের অভিযোগ ঘিরেই ক্যাম্প চত্বরে তৈরি হয় উত্তেজনা।

সেই সময় সেখানে উপস্থিত হন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। বিধায়ককে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন মহিলারা। দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে তাঁকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
পরিস্থিতি সামাল দিতে মহিলাদের সঙ্গে কথা বলেন বিধায়ক। তাঁদের অভিযোগ শোনার পাশাপাশি নিজের হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেন তিনি। সমস্যার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন।
তবে কবে থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা ঢুকবে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। সরকারি সহায়তার অপেক্ষায় থাকা মহিলাদের এখন একটাই দাবি—দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের প্রাপ্য অর্থের ব্যবস্থা করা হোক।
