সংবাদদাতা, দুর্গাপুর: সরকারি আর্থিক সহায়তা ও বিভিন্ন পরিষেবা পাওয়ার আশায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুরুষ, মহিলা থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারা। কারও হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম, কারও হাতে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কিংবা আয়ুষ্মান ভারতের আবেদনপত্র। সাতটি ওয়ার্ডের মানুষ এক জায়গায় জড়ো হওয়ায় পরিষেবা কেন্দ্র চত্বরে তৈরি হয় জনজোয়ার।অভিযোগ, একাধিক কাউন্টার থাকলেও কোন কাউন্টারে কোন পরিষেবা দেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা নেই। ফলে পরিষেবা নিতে এসে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কারও অভিযোগ, আয়ুষ্মান ভারতের আবেদন জমা দেওয়ার পরও রিসিভ মেলেনি। আবার কারও অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। বহুবার আবেদন করেও বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বাতিল হওয়ার অভিযোগও উঠেছে।

সমস্যার সমাধানের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পরিষেবা না মেলায় ক্ষোভ বাড়তে থাকে মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভ নিয়ন্ত্রণে ভবনের কলাপসিবল গেট টেনে দেওয়া হলে ক্ষোভ আরও তীব্র হয়। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলাদের একাংশ।
সরকারি পরিষেবা পাওয়ার আশায় সাতটি ওয়ার্ডের মানুষের এই ভিড় কার্যত জনজোয়ারে পরিণত হয়। এখন সাধারণ মানুষের প্রশ্ন—সমস্যার সমাধান কবে হবে, আর আদৌ মিলবে কি সরকারি পরিষেবা?
