দুর্গাপুর: একদিকে নতুন ঢালাই রাস্তা, অন্যদিকে বেহাল নিকাশি নালা। দুর্গাপুর পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীতে এই বৈপরীত্য ঘিরেই বাড়ছে স্থানীয়দের ক্ষোভ। কিছুদিন আগেই এই এলাকার ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেছেন বিধায়ক। কিন্তু রাস্তার পাশের নিকাশি নালার বেহাল দশা এখনও কাটেনি। নালায় জমে রয়েছে নোংরা আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি মশার উপদ্রব ও ডেঙ্গুর মতো রোগের সংক্রমণের আশঙ্কায় উদ্বিগ্ন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও নিকাশি নালার সংস্কারে কোনও উদ্যোগ দেখা যায়নি। তাঁদের আশঙ্কা, নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে জমা জল ও জলনিকাশির সমস্যায় আগামী দিনে ক্ষতিগ্রস্ত হতে পারে নতুন ঢালাই রাস্তা। বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূল আমলে সংস্কারের বোর্ড লাগানো হলেও বাস্তবে কাজ হয়নি। রাস্তা ও নিকাশি নালার সংস্কারের টাকা তছরুপের অভিযোগও তুলেছেন তাঁরা।

অন্যদিকে, বিধায়কের বক্তব্য, তাঁরা সরকারে এসেছেন মাত্র চার মাস হয়েছে। আগের সরকারের আমলে কাজ না হওয়ার দায় বর্তমান সরকারের নয়। তবে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর দাবি, পুরসভা নির্বাচনের পর থেকেই উন্নয়নের কাজ পুরোদমে শুরু হবে। এখন দেখার, কবে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।
