দুর্গাপুর: শিল্পাঞ্চলের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবহণ ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব করে তুলতে বড় পদক্ষেপ। দুর্গাপুর ও আসানসোলের পরিবহণ ব্যবস্থায় যুক্ত হলো পাঁচটি অত্যাধুনিক বৈদ্যুতিক বাস। দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাস থেকে এই বাস পরিষেবার শুভ সূচনা হয়।সম্পূর্ণ বাতানুকূল ও পরিবেশবান্ধব এই বাসগুলিতে বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতের সুবিধার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (NCAP)-এর আওতায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় বাসগুলি কেনা হয়েছে। প্রতিটি বাসের আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লক্ষ টাকা।নতুন এই পাঁচটি বাস তিনটি রুটে চলাচল করবে।

এর মধ্যে দুর্গাপুর–বর্ধমান রুটে চলবে দুটি বাস, দুর্গাপুর–বানপুর হয়ে আসানসোল রুটে চলবে দুটি বাস এবং দুর্গাপুর শহরের অভ্যন্তরীণ পরিবহণ পরিষেবায় যুক্ত হবে একটি বাস। এর ফলে আন্তঃশহর যাতায়াতের পাশাপাশি দুর্গাপুরের অভ্যন্তরীণ গণপরিবহণ ব্যবস্থাতেও নতুন সংযোজন ঘটল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই, জেলাশাসক এস. পুনমবলম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) ম্যানেজিং ডিরেক্টর প্রণব ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা।পরিবেশবান্ধব গণপরিবহণের প্রসারে বৈদ্যুতিক বাসের এই সংযোজন শিল্পাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগে নতুন মাত্রা যোগ করল। এখন নজর থাকবে, নতুন এই বাস পরিষেবা যাত্রীদের যাতায়াত কতটা সহজ করে এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে কতটা কার্যকর ভূমিকা নেয়।
