নিজস্ব সংবাদদাতা:- জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হল ১৪ বছর ও তার ঊর্ধ্বের মেয়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে HPV ভ্যাকসিন প্রদান কর্মসূচি। কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী।
একইদিনে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই এবং জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণই পরবর্তীতে জরায়ুমুখের ক্যানসারের প্রধান কারণ। সময়মতো HPV ভ্যাকসিন নিলে এই মারণ রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই ১৪ বছর ও তার ঊর্ধ্বে সব মেয়েকেই এই ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।
জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, ব্লক ও গ্রামীণ হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র – রাজ্যের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে এই জীবনদায়ী ভ্যাকসিন। শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলাতেই ৩২ হাজারের বেশি মেয়েকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রশাসনের বার্তা স্বাস্থ্যে আপস নয়, “মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য সরকার বদ্ধপরিকর। অভিভাবকদের কাছে অনুরোধ, ১৪ বছরের ঊর্ধ্বে আপনার বাড়ির মেয়েকে দেরি না করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভ্যাকসিন দিন। একটি ভ্যাকসিন বাঁচাতে পারে জীবন।বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই বলেন, “এই প্রকল্প মা-বোনেদের জন্য মুখ্যমন্ত্রীর বড় উপহার। সচেতনতাই ক্যানসারের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার।
১৪ বছর বা তার বেশি বয়সি মেয়েদের আধার কার্ড বা জন্ম প্রমাণপত্র নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।
ক্যানসার প্রতিরোধে রাজ্যের বড় উদ্যোগ: ১৪ ঊর্ধ্ব মেয়েদের জন্য বিনামূল্যে HPV ভ্যাকসিন শুরু
