সংবাদদাতা,দুর্গাপুরঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজো ২০২৬-কে সামনে রেখে ‘Maa Comes Home’ এবং ‘মায়ের আশীর্বাদে মুখরিত পশ্চিমবঙ্গ’ ভাবনায় দুর্গাপুরে আয়োজিত হল দু’দিনব্যাপী উৎসব। দুর্গাপুরের গান্ধী ময়দানে অনুষ্ঠিত এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য,সংস্কৃতি ও দুর্গোৎসবের আবহকে তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে কলকাতার বাইরে রাজ্যের সাতটি জায়গায় দু’দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এখানে হস্তশিল্প,কুটির শিল্প ও খাবারের মোট ১৬টি স্টল করা হয়। গান্ধী মোড়ের অনুষ্ঠানে প্রথম দিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার,দুর্গাপুরের দুই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,বারাবনির বিধায়ক অরিজিৎ

রায়,আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়,এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর অরবিন্দ চৌবে,পুলিশ কমিশনার প্রণব কুমার,জেলা শাসক এস পুন্নমবলম,দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে উৎসবের সূচনা ঘিরে তৈরি হয় বিশেষ আবহ। দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি উৎসবের আনন্দ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে। দু’দিনের এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আরও নানা আকর্ষণীয় কর্মসূচি ছিল। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান ঘিরে সাধারন মানুষদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। শেষ দিন আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
