প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের..

দুর্গাপুর: প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্যাপক আতঙ্ক দুর্গাপুরের কোকওভেন থানার পিসিবিএল রোড এলাকায়। সোমবার দুপুরে আচমকাই একটি প্লাস্টিকের গোডাউন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া পরিণত হয় বিধ্বংসী আগুনে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি কার্যত কড়া ভাষায় হুঁশিয়ারি দেন অবৈধভাবে প্লাস্টিক মজুতকারী এবং যাঁরা তাঁদের গোডাউন বা জায়গা ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে। বিধায়কের স্পষ্ট বক্তব্য, এভাবে যত্রতত্র প্লাস্টিক মজুত করে রাখা অত্যন্ত বিপজ্জনক।

এর ফলে বহু মানুষের জীবনও বড়সড় ঝুঁকির মুখে পড়তে পারে। বিধায়ক প্রশ্ন তোলেন, এত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকার মধ্যে কীভাবে প্লাস্টিক মজুতের গোডাউন চলছে? কারা এই ধরনের গোডাউন চালানোর জন্য জায়গা ভাড়া দিচ্ছেন? প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই ধরনের কাজ চলতে পারে? তাঁর অভিযোগ, এই প্রবণতা অবিলম্বে বন্ধ না করা হলে ভবিষ্যতে আরও বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়ে দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে লিখিতভাবে জানাবেন বলেও স্পষ্ট করে দেন তিনি। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে চিঠি করব। যারা ভাড়া দিচ্ছে আর যারা এভাবে প্লাস্টিক মজুত করে রাখছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের কাজ চলতে দেওয়া যাবে না। না হলে বড়সড় ঘটনা ঘটে যেতে পারে যখন তখন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *