বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : – নতুন বছরের প্রথম দিনে, যখন শহর জুড়ে আনন্দের আলো, উৎসবের হাসি আর শুভেচ্ছার আবহ , ঠিক তখনই দুর্গাপুরের সিটি সেন্টারে নেমে এল গভীর শোকের ছায়া। সিটি সেন্টারের বিনোদন পার্কের জলাশয়ে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম রাহুল রজক, কোকওভেন থানার সগড়ভাঙা এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে খবর বছরের প্রথম দিনে ওই যুবক বিনোদন পার্কের পাঁচিল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় অসাবধানতাবশত সে জলাশয়ে পড়ে যায় এবং আর উঠে আসতে পারেনি। মুহূর্তের মধ্যে আনন্দের শহর স্তব্ধ হয়ে যায় আতঙ্কে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এবং দুর্গাপুর দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর জলাশয় থেকে উদ্ধার করা হয় নিথর দেহ। উদ্ধার হওয়ার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

তবে এই মৃত্যু নিছক দুর্ঘটনা, না কি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। পাঁচিল টপকানোর ঘটনাই কি মৃত্যুর একমাত্র কারণ, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও কোনও অজানা সত্য।সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। নববর্ষের উৎসবের মাঝেই এই মৃত্যু ফের একবার মনে করিয়ে দিল, এক মুহূর্তের অসতর্কতা কীভাবে আনন্দকে চিরতরে শোকে রূপান্তরিত করে। উৎসবের শহরে থেমে গেল একটি তরুণ প্রাণ, রেখে গেল শুধু প্রশ্ন আর দীর্ঘশ্বাস।
