সংবাদদাতা,দুর্গাপুরঃ বাম আমলে তৈরী হওয়া সিটি সেন্টার এলাকায় ভগৎ সিং স্টেডিয়াম বিগত সময়ে ধাপে ধাপে অনেকটাই উন্নত হয়েছে। মাঝে মধ্যেই এখানে বিভিন্ন ধরনের খোলার আয়োজনও হয়ে থাকে। তবে গত বছর থেকে এই স্টেডিয়ামে শুরু হয়েছে দুর্গাপুর ক্লাব সমন্বয় এর উদ্যোগে স্পোর্টস কার্নিভাল,যা এই স্টেডিয়ামকে এক বিশেষ মাত্রা দিয়েছে। এবছরের স্পোর্টস কার্নিভাল আরও বেশি গুরুত্ব পেল দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সিএবির সভাপতি সৌরভ গাঙ্গুলির উপস্থিতি।

কার্নিভালের শেষ দিন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দিয়ে এখানকার ক্রীড়া পরিবেশ ও একসঙ্গে একাধিক খেলা নিয়ে স্পোর্টস কার্নিভালের আয়োজন দেখে আপ্লুত হয়ে তিনি ঘোষণা করেছেন, ভগৎ সিং স্টেডিয়ামে ক্রিকেট পরিকাঠামো গড়ে দেওয়ার দায়িত্ব নেবে সিএবি। স্টেডিয়ামের ড্রেসিংরুম সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, এই মাঠে সিএবি পরিচালিত মেয়েদের ও ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতা হবে নিয়মিত। সেই সঙ্গে তিনি স্পোর্টস কার্নিভালে আগামী বছর থেকে যাতে ক্রিকেটকে যুক্ত করা যায়,তার আবেদন রেখেছেন। স্টেডিয়ামের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যা অর্থ ব্যয় হবে,সেটা সিএবি দেবে বলেও জানিয়েছেন সৌরভ। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালের শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার,দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ক্লাব সমন্বয় আয়োজিত স্পোর্টস কার্নিভাল কমিটির সভাপতি সন্দীপ দে প্রমূখ। সৌরভ গাঙ্গুলির এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি দুর্গাপুরের ক্রীড়ামহল। এ প্রসঙ্গে দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন, সৌরভের মতো ক্রীড়াব্যক্তিত্বের এই ঘোষণা দুর্গাপুরবাসীর কাছে অবশ্যই অত্যন্ত গর্বের।
