মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান কল্পতরু মেলা কমিটির

সংবাদদাতা,দুর্গাপুরঃ রাজ্যে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলার বিশেষ পর্যটন ক্ষেত্র উত্তরবঙ্গের। সেখানে একাধিক জায়গায় ভয়াবহ সেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার সাধারন মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদফায় উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার কাজ তদারকি করেছেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। উত্তরবঙ্গের পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। আগেই দুর্গাপুর বনিক সভার তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দান করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দিল কল্পতরু মেলা কমিটি ও দুর্গাপুর নগর নিগম। কল্পতরু মেলা ময়দানে এক অনুষ্ঠানে আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক,পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিতিতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন, “কল্পতরু মেলা থেকে আয় হওয়া অর্থের একটা অংশ এলাকার উন্নয়নে কাজে লাগানো হয়। এবার উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত তাই তাঁদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দেওয়া হল। এছাড়াও ওই অনুষ্ঠানে কোকওভেন থানা এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধির লক্ষ্যে এই থানাকে সিসিটিভি কেনার জন্য ১ লক্ষ টাকা অনুদানও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *