দুর্গাপুর নগর নিগমের সামনে লাল সমাবেশ

সংবাদদাতা, দুর্গাপুর:-জ্যোতি বসুর নেতৃত্বে গণতন্ত্র যেখানে বিস্তৃত হয়েছিল, সেখানে আজ তৃণমূল সেটিকে সংকুচিত করছে— এমনই তীব্র কটাক্ষ করলেন বাম নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সোমবার বিকেলে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সিপিআইএম।
মূলত নগর নিগমের বেহাল পরিষেবা, প্রশাসক মণ্ডলীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নির্বাচন না হওয়া, এবং সম্প্রতি প্রশাসক মণ্ডলীর তিন সদস্যকে অপসারণ ইত্যাদি ইস্যু ঘিরেই এদিন লাল শিবিরের প্রতিবাদ।
সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষি মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ বাম কর্মীসমর্থকেরা।

সভামঞ্চ থেকে মীনাক্ষি মুখোপাধ্যায় বলেন,
“আমরা কোনো রাজনৈতিক দলের অফিসে আসিনি, এসেছি মানুষের জন্য গঠিত প্রশাসনিক কার্যালয়ে। যাঁরা সরকারি দায়িত্বে আছেন, তাঁদের কাছেই মানুষের দাবি জানাতে এসেছি। কিন্তু এই সরকার মানুষের কার্যালয়কে নিজেদের দখলদারি কেন্দ্রে পরিণত করেছে।”

বামেদের দাবি, দুর্গাপুর নগর নিগমে অবিলম্বে নির্বাচনের ঘোষণা করতে হবে, নাগরিক পরিষেবা উন্নত করতে হবে এবং সব প্রশাসনিক স্তরে স্বচ্ছতা আনতে হবে।
বিক্ষোভ শেষে সিপিআইএমের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয়।
দীর্ঘদিনের গণতান্ত্রিক পরিকাঠামোকে দলীয় স্বার্থের বলি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাম শিবির। দুর্গাপুরের রাস্তায় এদিনের লাল মিছিল তাই শুধু স্থানীয় ইস্যু নয়, রাজ্যের প্রশাসনিক ন্যায়বোধের পুনরুদ্ধারের দাবিও বয়ে আনল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *