সংবাদদাতা, দুর্গাপুর : – দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পিয়ালা এলাকা সোমবার সকাল থেকেই উত্তপ্ত। সরকারি জমি দখলমুক্ত করার নামে দুর্গাপুর নগর নিগমের অভিযানে ফুঁসে উঠল স্থানীয় মানুষ। সোমবার যখন দুর্গাপুর নগর নিগমের জেসিবি, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স পিয়ালা এলাকায় পৌঁছায়, তখনই শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা।
নগর নিগমের দাবি, জমিটি সরকারি আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল খালি করার জন্য।
কিন্তু অভিযোগ, নোটিশের আড়ালে নগর নিগমের ‘নতুন ক্ষমতাশালী গোষ্ঠী’ নিজেদের আধিপত্য জাহির করতে ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষের মাথার ওপর দিয়ে। বাড়িঘর, দোকান, এমনকি জীবিকা নির্বাহের ছোট ছোট নির্মাণ, কিছুই রেহাই পায়নি সেই ‘দখলমুক্তি’ অভিযানে।

স্থানীয় বাসিন্দা প্রতাপ পাল ক্ষোভ প্রকাশ করে বলেন ,
“এটা আমার নিজের জায়গা। সমস্ত কাগজপত্র আমার নামে। তবু জোর করে ভেঙে দিল দুর্গাপুর নগর নিগম। আমি এর শেষ দেখে ছাড়বো।”
অভিযানের সময় বচসায় জড়িয়ে পড়েন পুলিশ ও স্থানীয়রা। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী।
তবে এলাকার মানুষের প্রশ্ন “সরকারি জমি উদ্ধারের নামে নিগম কি এখন সাধারণ মানুষের মাথার ঘর ভাঙার মেশিন হয়ে উঠেছে?” যেভাবে কোনো বিকল্প ব্যবস্থা না দিয়েই উচ্ছেদ চালানো হয়েছে, তাতে প্রশাসনের মানবিকতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
দুর্গাপুর নগর নিগমের এহেন ‘অভিযান’ এখন শহরজুড়ে চর্চার বিষয়। আইন ও শৃঙ্খলার দোহাই দিয়ে যারা সরকারি শক্তি ব্যবহার করছেন, তাদের মানবিক দায়িত্ব কোথায় হারিয়ে গেল? উন্নয়নের নামে মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া যদি প্রশাসনের নতুন সংজ্ঞা হয়, তবে সেই উন্নয়নের মধ্যে জনমানুষের স্থান ঠিক কোথায় ? সেই প্রশ্নই এখন পিয়ালা থেকে গোটা দুর্গাপুরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে।
