সংবাদদাতা , দুর্গাপুর:— কল্পতরু একটি প্রতীক, একটি বিশ্বাস, একটি আধ্যাত্মিক ভাবধারা। হিন্দু পুরাণে কল্পতরু সেই অলৌকিক বৃক্ষ, যার কাছে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। নানা মুনি-ঋষির মতে কল্পতরু কখনও স্বর্গীয় বৃক্ষ, কখনও আবার মানবচিত্তের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। এই কল্পতরু তত্ত্বকেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ১৮৮৬ সালের ১ লা জানুয়ারি জীবন্ত রূপ দিয়েছিলেন । এই ভাবধারাকে কেন্দ্র করেই দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় দীর্ঘ ৫৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে কল্পতরু উৎসব, যা সাধারণ মানুষের কাছে কল্পতরু মেলা নামেই পরিচিত। প্রতি বছর ১লা জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত চলা এই মেলা শুধু একটি বাণিজ্যিক বা বিনোদনমূলক আয়োজন নয়, এটি দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের আবেগ, সংস্কৃতি ও স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে।

বহু মানুষের কাছে কল্পতরু মেলা মানেই নতুন বছরের শুভ সূচনা ও আশীর্বাদের প্রতীকবৃহস্পতিবার নববর্ষের সন্ধ্যায় আইন বিচারবিভাগ ও শ্রম মন্ত্রী মলয় ঘটক-এর উজ্জ্বল উপস্থিতিতে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহাসমারোহে কল্পতরু মেলার শুভ উদ্বোধন হয়।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পান্নাভালম এস, মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্টজনেরা। প্রতিবছরই কল্পতরু মেলা কমিটি মেলা ছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে এদিনও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের কুড়ি লক্ষ টাকার চেক প্রদান করেন। উল্লেখ্য এর আগেও উত্তরবঙ্গ বন্যায় মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ১০ লক্ষ টাকার চেক দিয়েছিলেন কল্পতরু মেলা কমিটি।দুর্গাপুরের কল্পতরু মেলা পশ্চিম বর্ধমান জেলার প্রাচীনতম লোকউৎসবগুলির অন্যতম।

এই মেলার সূচনা হয়েছিল মূলত আধ্যাত্মিক আলোচনা ও ভক্তসমাগমকে কেন্দ্র করে, যা পরবর্তী কালে সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে রূপ নেয়।কল্পতরু মেলা শুধু একটি মেলা নয়,এটি বিশ্বাসের উত্তরাধিকার, প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান এক সাংস্কৃতিক ধারা। আধুনিক নগরায়ণের মাঝেও এই উৎসব প্রমাণ করে, দুর্গাপুর আজও তার শিকড়ের সঙ্গে যুক্ত। নতুন বছরের প্রথম দিন কল্পতরুর ছায়ায় দাঁড়িয়ে মানুষ যেন একটাই প্রার্থনা করে মানবিকতা, শান্তি ও শুভবোধ যেন সমাজে অটুট থাকে।

