বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর, ১২ নভেম্বর : – দলের ভিতরে অস্থিরতা, অসন্তোষ আর ক্ষোভ, সব মিলিয়ে বড়সড় ধাক্কা তৃণমূলের। বুধবার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের হাত ধরে কয়েক ডজন তৃনমূলকর্মী বিজেপিতে যোগ দিলেন। দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার এক বেসরকারি অতিথিশালায় এই যোগদান পর্ব সম্পন্ন হয়।বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের দাবি, “শুধু ৪৩ নম্বর ওয়ার্ড নয় , দুর্গাপুরের ৪০, ৪১, ৪২ সহ আশপাশের একাধিক ওয়ার্ড থেকেও তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর কথায়, “মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। যারা একসময় তৃণমূলের হয়ে কাজ করতেন, তারাই এখন বিজেপির পতাকার নিচে এসে দাঁড়াচ্ছেন। এটা বাংলার আগাম ইঙ্গিত।”

অন্যদিকে, তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দুর্গাপুর তিন নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিপুল সাহা। তাঁর অভিযোগ, “বিজেপি বিধায়ক দিবা স্বপ্ন দেখছেন। নিজেদের কর্মীদের হাতে ঝান্ডা ধরিয়ে সাজানো যোগদান শো করছে বিজেপি। বাস্তবে জনগণ তৃণমূলের সঙ্গেই আছে।”
রাজ্যজুড়ে রাজনৈতিক আবহে যখন এসআইআর-কে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে, তখন দুর্গাপুরে এই যোগদান পর্ব নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক অঙ্গনে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলবদলের এই হাওয়ায় স্পষ্ট। বাংলার ভোটের উত্তেজনার পারদ এখন থেকেই ধীরে ধীরে চড়তে শুরু করেছে।
