সংবাদদাতা, দুর্গাপুর: – আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হলো দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো ও মহরম উপলক্ষে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল করা হয়েছিল । এদিনের এই অনুষ্ঠানকে সৌন্দর্য, শৃঙ্খলা ও মানবিকতার অভিনব সমন্বয়ে এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক। তাঁর নেতৃত্ব, পরিকল্পনা এবং মানুষের প্রতি আন্তরিকতা এদিনের সন্ধ্যাকে রূপ দিল এক সফল ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানে।

অনুষ্ঠানে কোক ওভেন থানার গ্রাম রক্ষী বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। মানুষকে উৎসবের আনন্দের সঙ্গে সামাজিক বার্তায় যুক্ত করার এই প্রচেষ্টা দর্শকদের মন জয় করে নেয়।
উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, এবং এলাকার বিশিষ্টজনেরা।
মোট ৪০ জনকে সম্মানিত করা হয় এদিন তাঁদের মধ্যে ছিলেন ১৫টি সেরা দুর্গাপুজো কমিটি, ৫টি সেরা কালীপুজো কমিটি, ২টি ছটপুজো ও ২টি মহরম কমিটি পাশাপাশি ১ জন মৃৎশিল্পী এছাড়াও সমাজকল্যাণে পুলিশের পাশে থাকা এলাকার ৬ জন বিশিষ্ট ব্যক্তি, এবং থানার সেরা কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জন পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার।

এই সম্মাননা বিতরণ শুধু পুরস্কার নয়, এটি মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সদৃঢ় করার এক সেতুবন্ধন। মইনুল হকের উদ্যোগে এদিন স্পষ্ট বার্তা দেওয়া হয়পুলিশ আজ আর ক্ষমতার প্রতীক নয়, মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত বন্ধু।মইনুল হকের নেতৃত্বে কোক ওভেন থানার এই সফল আয়োজন প্রমাণ করল, সঠিক দিকনির্দেশনা, আন্তরিকতা এবং মানুষের সঙ্গে হাতে হাত রেখে কাজ করার ইচ্ছা থাকলে পুলিশ প্রশাসন সমাজের আস্থা অর্জন করতে পারে। কোক ওভেন থানার এই উদ্যোগ আগামী দিনে প্রশাসন ও সাধারণ মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং সমাজ গঠনে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
