বার অ্যাসোসিয়েশনে সঞ্জীব কুন্ডুর নবযুগের সূচনা, ঐক্যের ডাক সভাপতি’র

বিধান চন্দ্র গাঙ্গুলী , দুর্গাপুর:- দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে আইনজীবী মহলে নবজোয়ারের সূচনা হল। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। সভাপতি, সম্পাদকসহ মোট ২৬ জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন আইনজীবী সঞ্জীব কুন্ডু, আর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কল্লোল ঘোষ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি দেবব্রত সাঁই এবং প্রাক্তন সাধারণ সম্পাদক অনুপম মুখোপাধ্যায়। অনুষ্ঠানে নবনির্বাচিত সকল সদস্যকে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি আইনজীবী সঞ্জীব কুন্ডু বলেন,”আগামী তিন বছর আমরা একসাথে বারের উন্নয়নে কাজ করব। প্রতিটি সদস্যের মতামত, অভাব-অভিযোগকে গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে কাজের পরিবেশ গড়ে তুলব।”আইনজীবী মহলে সঞ্জীব কুন্ডুর নির্বাচনে জয়কে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বারের স্বার্থে নীরবে কাজ করে আসছেন। সহকর্মীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে, বিচার প্রক্রিয়ায় গতি আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনে নতুন দিশা আসবে বলে আশা প্রকাশ করেছেন বহু আইনজীবী।
অন্যদিকে, প্রাক্তন সভাপতি দেবব্রত সাঁই-এর নেতৃত্বকালকে ঘিরে নানা অসন্তোষ ছিল সদস্যদের মধ্যে। বারের একাংশের মতে, তাঁর আমলে সংগঠনের স্বচ্ছতা ও ঐক্য নষ্ট হয়েছিল। সেই প্রেক্ষিতেই এই নতুন কমিটির আবির্ভাবকে আইনজীবী সমাজ দেখছে “পরিবর্তনের হাওয়া” হিসেবে।
সঞ্জীব কুন্ডুর অভিজ্ঞতা, মিতভাষী স্বভাব এবং নেতৃত্বগুণই এবার দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ভবিষ্যতকে নতুন পথে এগিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা বারের প্রতিটি সদস্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *