বিধান চন্দ্র গাঙ্গুলী,দুর্গাপুর : দুর্গাপুরে শীতের শুরুতেই শহরবাসীর জন্য বড় খবর, আসন্ন তৃতীয় বর্ষের দুর্গাপুর উৎসবের বিশিষ্ট শিল্পীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামী ৫ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত রাজীব গান্ধী মেলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই দশদিনব্যাপী সাংস্কৃতিক মহোৎসব।এই উপলক্ষে শুক্রবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে একটি সাংবাদিক বৈঠক করেন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৈঠকে তাঁরা এবারের উৎসবের আকর্ষণ, আয়োজন ও শিল্পীদের তালিকা তুলে ধরেন।
উদ্বোধনী দিন থেকেই থাকছে বিশেষ চমক। ৫ই ডিসেম্বর উৎসবের শুভ উদ্বোধনে উপস্থিত থাকবেন টলিউড সুপারস্টার জিৎ ও তাঁর মিউজিক্যাল গ্রুপের পরিবেশনা দিয়ে শুরু হবে এবারের সাংস্কৃতিক যাত্রা।
পরদিন ৬ই ডিসেম্বর মঞ্চে উঠবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তন্ময় সাহা।

৭ই ডিসেম্বর স্থানীয় খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করবেন বাংলা ও হিন্দি গানের মনোজ্ঞ সন্ধ্যা।
৮ই ডিসেম্বর সঙ্গীতমুগ্ধদের জন্য থাকছে দেশের খ্যাতনামা সমাজসেবী ও শিল্পী পালক ও পলাশ মুচ্ছালের অনুষ্ঠান।৯ই ডিসেম্বর মঞ্চে আসবেন সুপরিচিত শিল্পী মনোময় ভট্টাচার্য।১০ই ডিসেম্বর শিল্পশহরবাসী উপভোগ করবেন জনপ্রিয় ক্যাকটাস ব্যান্ডের সংগীতানুষ্ঠান।পরদিন অর্থাৎ ১১ই ডিসেম্বর থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাহানা বক্সী, সৌমি ভট্টাচার্য এবং কেশব দে।এরপর ১২ই ডিসেম্বর মঞ্চে উঠবেন জনপ্রিয় নন্দী সিস্টার্স।১৩ই ডিসেম্বর থাকবেন বিশিষ্ট শিল্পী ইন্দ্রনীল সেন।১৪ই ডিসেম্বর দুর্গাপুরের স্থানীয় প্রখ্যাত শিল্পীদের পরিবেশনাই সাজাবে উৎসবের নবম সন্ধ্যা।আর শেষ দিনে, ১৫ই ডিসেম্বর, উৎসবের সর্বোচ্চ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড-টলিউডের নামী সঙ্গীতশিল্পী জাভেদ আলী যার সুরে মুগ্ধ হবে শিল্পশহরবাসী।সাংবাদিক বৈঠকে এদিন উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান চন্দন দত্ত, সমাজসেবী সন্দীপ দে-সহ বিশিষ্টজনেরা।শিল্প, সংস্কৃতি ও বিনোদনের সমৃদ্ধ মিলনমেলায় পরিণত হতে চলেছে এবারকার দুর্গাপুর উৎসব। উদ্বোধনী দিন থেকেই তারকার ঝলকানি এবং প্রতিটি দিনেই নতুন আকর্ষণ, সব মিলিয়ে শহরের সাংস্কৃতিক ক্যালেন্ডারে ডিসেম্বরের দশ দিন হয়ে উঠবে বিশেষ স্মরণীয়। শহরবাসী ইতিমধ্যেই দুর্গাপুর উৎসবকে ঘিরে প্রবল উত্তেজনায় অপেক্ষায় দিন গুনছে।
