নামসংকীর্তন থেকে কম্বল বিতরণ

বিধান চন্দ্র গাঙ্গুলী,দুর্গাপুর : ২১শে নভেম্বর শুক্রবার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের শিবপুর শিবতলা মহাকাল সেবাসংঘের উদ্যোগে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হল মহাকাল পূজো, মহাযজ্ঞ, নামসংকীর্তন ও বাউল সংগীতের বিশেষ আয়োজন। ভোর থেকেই এলাকার বাতাস ভরে ওঠে ধুনোর গন্ধে, শঙ্খধ্বনি আর ভক্তিগানের সুরে এদিনের অনুষ্ঠান মূলত কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা এমিল (EMIL) ও মহাকাল সেবাসংঘের সঙ্গে যৌথ উদ্যোগে এলাকার প্রায় ৬ হাজার গ্রামবাসীকে নারনারায়ণ সেবা প্রদান করে।
সারাদিন ধরে চলা এই সেবায় সাধারণ মানুষের মধ্যে পরিবেশন করা হয় পূণ্যাহার ও প্রসাদ।


এরই পাশাপাশি, এলাকার শীতবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেড় হাজারেরও বেশি প্রান্তিক মানুষের হাতে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। শীতের শুরুতেই এই সহায়তা যেন বহু পরিবারে এনে দিল উষ্ণতার আশ্বাস।ভক্তিমূলক অনুষ্ঠান, যজ্ঞের অগ্নিশুদ্ধি, আর বাউল গানের সুরে দিনভর শিবপুর শিবতলা পরিণত হয়েছিল এক আধ্যাত্মিক ও মানবিক মিলনমেলায়।ধর্মীয় আচার, ভক্তির আবেশ এবং সমাজসেবার মিলিত আয়োজন শিবপুর শিবতলার এই দিনটিকে করে তুলল স্মরণীয়। মহাকালের আশীর্বাদ ও মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা এই দুইয়েরই এক সুন্দর রূপ দেখা গেল শুক্রবারের এই মহোৎসবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ সমাজকে আরও মানবিক ও শক্তিশালী করে তুলবে বলেই আশা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *