রক্তের দাগ মুছল না চার বছরে

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : পূর্ব বর্ধমানের বুদবুদে স্ত্রী হত্যার চার বছরের পুরোনো নৃশংস ঘটনার বিচারপ্রক্রিয়া অবশেষে শেষ হলো। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক প্রশান্ত চৌধুরীর এজলাসে চূড়ান্ত রায়ে অভিযুক্ত সুনীল কিস্কুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। বিচারকের পর্যবেক্ষণ , অত্যন্ত নির্মম, নিষ্ঠুরভাবে স্ত্রীকে খুন করেছে সুনীল, কোনওভাবেই তা মানবিক বা যুক্তিসঙ্গত নয়।


ঘটনা ২০২০ সালের। ভাতকুন্ডা গ্রামের আদিবাসী তরুণী সোনামনি কিস্কুকে কুপিয়ে খুন করা হয় । জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় সোনামনির রক্তাক্ত দেহ। অভিযোগ ওঠে, এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে তার স্বামী সুনীল কিস্কু। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। পরিবারের পক্ষ থেকে সোনামনির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং একের পর এক তথ্য-প্রমাণ উঠে আসে সুনীলের বিরুদ্ধে।
দীর্ঘ চার বছরের বিচারপ্রক্রিয়ার শেষে এদিন আদালতের রায়ে অপরাধ প্রমাণিত হয় । স্ত্রী হত্যার মতো নৃশংস অপরাধে আদালতের কঠোর রায় সমাজের কাছে স্পষ্ট বার্তা দেয়, নারী নির্যাতন বা গৃহহিংসার মতো অপরাধ কোনওভাবেই রেহাই পাবে না। সোনামনির পরিবারের কাছে এটি আংশিক ন্যায়বিচার হলেও, সমাজের কাছে এটি আবারও মনে করিয়ে দিল,আইনের চোখ এড়ানো যায় না। নৃশংসতার পরিণতি একদিন না একদিন আদালতেই ধরা পড়বেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *