কম সুদে দ্রুত ঋণপ্রদান , সেন্ট্রাল ব্যাঙ্কের সফল রিটেল আউটরিচ প্রোগ্রাম

সংবাদদাতা , দুর্গাপুর : সাধারণ মানুষের আর্থিক প্রয়োজনকে আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছভাবে মেটাতে এগিয়ে এল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত গ্রাহক পরিষেবা শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার দুর্গাপুরের এমএএমসি মামড়া বাজার রিজিওনাল শাখায় আয়োজিত হল বিশেষ ‘রিটেল আউটলেট প্রোগ্রাম।’ এই কর্মসূচীর মূল লক্ষ্য প্রতিটি গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে তাঁদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া।
এদিনের অনুষ্ঠানে ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের সামনে তুলে ধরেন নানা ধরনের রিটেল পরিষেবা। যেমন গৃহ ঋণ, শিক্ষা ঋণ, সোনার গহনা বন্ধকী ঋণ, ব্যক্তিগত ঋণ থেকে শুরু করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য বিশেষ এমএসএমই ঋণ।

একইসঙ্গে জানানো হয় ব্যাঙ্কের নতুন স্কিম, সহজতর ঋণপ্রদান পদ্ধতি এবং কম সুদের হার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার অমিত সিং জানান, “সারা দেশে এই রিটেল আউটলেট প্রোগ্রামের মাধ্যমে আমরা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। হোম লোন, ভেহিকেল লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন সব ক্ষেত্রেই বিশেষ সুদের হারে দ্রুত ঋণ প্রদান করা হচ্ছে। গোল্ড ও পার্সোনাল লোন একই দিনে, ভেহিকেল লোন এক থেকে দুদিনে এবং হোম লোন এক সপ্তাহের মধ্যেই দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, “২৭শে অক্টোবর থেকে ২৮ শে নভেম্বর পর্যন্ত শুধুমাত্র দুর্গাপুর রিজিওনে মোট পনেরো কোটি টাকার রিটেল ঋণ বিতরণ হয়েছে। যার বর্তমানে ব্যাঙ্কের সুদের হার হোম লোনের ক্ষেত্রে ৭.৩৫% সুদ, ভেহিকেল লোনের ক্ষেত্রে ৭.৩৫% সুদ, পার্সোনাল লোনের ক্ষেত্রে ১১% সুদ যা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।”
এদিনের অনুষ্ঠানে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যোগ্য গ্রাহক ও এমএসএমই উদ্যোক্তাদের হাতে ঋণ অনুমোদন পত্র তুলে দেন পাশাপাশি এদিন ডিজিটাল ব্যাঙ্কিং, সাইবার নিরাপত্তা, ইউপিআই ও মোবাইল ব্যাঙ্কিং সম্পর্কেও গ্রাহকদের সচেতন করা হয়। অনেকেই সরাসরি বিভিন্ন ঋণ স্কিম সম্পর্কে জেনে আবেদনপত্র সংগ্রহ করেন। অনুষ্ঠানে উপস্থিত গ্রাহক বিবেকানন্দ গড়াই জানান,“কালীগঞ্জে একটি ফ্ল্যাট কেনার জন্য গৃহ ঋণের আবেদন করি। ব্যাঙ্ক খুব দ্রুত প্রক্রিয়া শুরু করে এবং মাত্র সাতদিনেই ১৯ লক্ষ ৮০ হাজার টাকার ঋণ পাই। সহজ পরিবেশে ঋণ মঞ্জুর হওয়ায় আমি সত্যিই খুশি।”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘রিটেল আউটলেট প্রোগ্রাম’ শুধু একটি ব্যাঙ্কিং ক্যাম্প নয়। এটি মানুষের সঙ্গে মানুষের সরাসরি সংযোগ স্থাপনের এক উদ্যোগ। গ্রাহকদের আর্থিক চাহিদা বোঝা, কম সুদের হারে তা পূরণ করা এবং দ্রুত পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে ব্যাঙ্ক একটি নতুন আস্থা তৈরি করেছে। দুর্গাপুরে এই কর্মসূচি দেখিয়ে দিল, প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বপ্নপূরণে সহযোগিতা করতেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *