দুর্গাপুরে শুরু কল্পতরু মেলার প্রস্তুতি,

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর:- মা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলার প্রস্তুতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, মেলা কমিটির সহকারী সম্পাদক কল্লোল বন্দ্যোপাধ্যায় , প্রশাসক মন্ডলীর সদস্য সদস্য দীপঙ্কর লাহা সহ বিশিষ্টজনেরা।

৫৭ বছরে পদার্পণ করতে চলেছে এই ঐতিহ্যবাহী মেলা। যা দুর্গাপুরের সাংস্কৃতিক ক্যালেন্ডারের অন্যতম পুরোনো ও প্রিয় অধ্যায়।এদিন নডিহা উচ্চ বিদ্যালয়, নডিহা বিরভানপুর উচ্চ বিদ্যালয়, এবং অ-আ-ক-খ কালচারাল ক্লাব মিলিয়ে মোট তিনটি প্রতিষ্ঠানের হাতে এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।এছাড়া দুর্গাপুরের আরও তিনটি স্কুলকেও অনুদান দেওয়া হবে বলে জানান আয়োজকরা।পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,“দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী মেলায় প্রতি বছর বহু মানুষ আসেন, মতের ও ভাবের আদান-প্রদান হয়। আগামী ১লা জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত চলবে কল্পতরু মেলা।”মূলত হিন্দু ধর্মীয় আখ্যান অনুযায়ী ‘কল্পতরু’ একটি দেববৃক্ষ, যা মানব মনের ইচ্ছা পূর্ণ করে।

রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনীতে গুরুত্বপূর্ণ একটি দিন হল কল্পতরু দিবস, যখন তিনি ভক্তদের উদ্দেশ্যে করুণা বর্ষণ করেছিলেন বলে ধারণা করা হয়। প্রতি বছরের ১লা জানুয়ারি এই তিথি পালিত হয়। দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলাও প্রতি বছর ১লা জানুয়ারি থেকে শুরু হয়। শুধু ধর্মীয় উপলক্ষই নয়, এটি শিল্প, সংস্কৃতি, সাহিত্য, স্থানীয় পণ্যের বাণিজ্য এবং মানুষের মিলনমেলা হিসেবে পরিচিত।সারদাদেবীর জন্মতিথির পবিত্র আবহে শুরু হওয়া কল্পতরু মেলার প্রস্তুতি এবছর আরও একবার স্মরণ করিয়ে দিল দুর্গাপুরের বহু বছরের ঐতিহ্য, মিলনময় মানবিকতা ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে। আগামী ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কল্পতরুর আশীর্বাদের মতোই শহরও জেগে উঠবে উৎসবের আলোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *