বিধান চন্দ্র গাঙ্গুলী,দুর্গাপুর:— দুর্গাপুরের এমএএমসি কালী মন্দিরে আবারও দুষ্কৃতীদের দাপট। শনিবার গভীর রাতে পাঁচ-পাঁচটি তালা ভেঙে মন্দিরে ঢোকার চেষ্টা দুষ্কৃতীদের, তাও এক মাসের মধ্যেই দ্বিতীয়বার! এই ঘটনায় শুধু আতঙ্ক নয়, স্থানীয়দের মনে প্রশাসনের প্রতি গভীর ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হচ্ছে।
২রা ডিসেম্বরও একই কায়দায় তালা ভাঙা হয়েছিল। তখনও চুরি করতে ব্যার্থ হয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ, সে ঘটনার পর পুলিশকে জানিয়েও বাড়তি নজরদারি বা পুলিশি টহল কিছুই বাড়েনি। আর সেই সুযোগেই ফের ঘটনা ঘটলো শনিবার রাতে। প্রশ্ন উঠছে, একই জায়গায় একই ধরনের অপরাধ দুইবার ঘটতে দিলে পুলিশি নজরদারি কোন স্তরে দাঁড়িয়ে?
মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক ক্ষোভ উগরে দিয়ে জানান ,

“পুলিশকে জানিয়েও তৎপরতা নেই। তাই দুষ্কৃতীরা বারবার সুযোগ পাচ্ছে। দ্রুত গ্রেফতার হোক, শাস্তি হোক।”এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন,
মন্দিরে টহল নেই কেন? সিসিটিভির নজরদারি বাড়ানো হলো না কেন? দুষ্কৃতীরা কি পুলিশের নাকের ডগায় বারবার একই জায়গায় ফিরে আসবে?এলাকাবাসী গৌতম ব্যানার্জী জানান,শহরের এক অন্যতম ধর্মীয় স্থানে ধারাবাহিক তালা ভাঙচুর ও চুরি চেষ্টা এতে গোটা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপরই বড় প্রশ্ন তুলে দিচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত শুরু হয়েছে। কিন্তু এক মাসের ব্যবধানে দু’বার মন্দিরে তালা ভাঙচুর, এটা শুধুমাত্র দুষ্কৃতীদের সাহস নয়, বরং প্রশাসনের নিষ্ক্রিয়তার জ্বলন্ত উদাহরণ। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হবে।
