এনআইটি দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল ইঞ্জিনিয়ারিং কংগ্রেস ও সমাবর্তন অনুষ্ঠান

সংবাদদাতা,দুর্গাপুরঃ ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী একাধিক কর্মসূচী পালিত হল এনআইটি দুর্গাপুরে। ১৯ ডিসেম্বর অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠিত হয় ৪০ তম ইঞ্জিনিয়ারিং কংগ্রেস। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-র উদ্যোগে এবং আইইআই দুর্গাপুর লোকাল সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই জাতীয় সম্মেলনে বিকশিত ভারতের জন্য উদ্ভাবনী ইঞ্জিনিয়ারিং সমাধান থিমকে সামনে রেখে আলোচনা করা হয়। অধিবেশনে শিল্প ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ৬০টিরও বেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই সঙ্গে দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড। এছাড়া ছিল একাধিক স্মারক বক্তৃতা, উইমেন ইঞ্জিনিয়ার্স মিট, আন্তর্জাতিক প্রতিনিধি ও আইইআই প্রাক্তনীদের বৈঠক, ৩০০-র বেশি টেকনিক্যাল পেপার উপস্থাপনা, বার্ষিক সাধারণ সভা এবং পোস্টার প্রদর্শনী। ২০ ডিসেম্বর এনআইটি দুর্গাপুরে অনুষ্ঠিত হয় ২০ তম সমাবর্তন অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ২০২৫ এর বিভিন্ন ক্ষেত্রে সফল ছাত্রছাত্রীদের সম্মান প্রদান করা হয়। ২০২৫ এর জুন মাসে শেষ হওয়া শিক্ষাবর্ষের ভিত্তিতে ৮১৩টি বি টেক, ৭টি ডুয়েল ডিগ্রি,৯টি ইন্টিগ্রেটেড এম.এসসি,১৪৫টি এম টেক,৩০টি এমবিএ,৯৬টি এম.এসসি,১২টি এম.এস.ডব্লিউ এবং ১২৫টি পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে। একই সঙ্গে ৩১টি স্বর্ণ পদক এবং ২টি সেরা প্রকল্প পুরস্কার প্রদান করা হয়। সমাবর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউপিএসসির চেয়ারম্যান ডঃ অজয় কুমার,ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার,এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইটি দুর্গাপুরের বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান এবং লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এস এন সুব্রক্ষণ্যম। বিভিন্ন কোর্স মিলিয়ে মোট ১,২৩৭ জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *