বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর: শনিবার শীতের সন্ধ্যায় দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়াল জঙ্গলে আগুন লাগার ঘটনায়। দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর প্রশাসনিক ভবনের পাশের জঙ্গলের একটি অংশে আচমকাই আগুন জ্বলে ওঠে।
প্রথমে মহকুমা শাসকের দপ্তরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাই আগুন দেখতে পান। দ্রুত তাঁরা সিটি সেন্টার দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের দ্রুত পদক্ষেপে আগুন বড় আকার নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনাস্থলে প্রশাসনিক দপ্তরের কাছাকাছি হওয়ায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ালেও, বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। প্রত্যক্ষদর্শীদের অনুমান, জঙ্গলের ঝোপঝাড়ে কেউ ধূমপানজাতীয় কিছু সেবন করার সময় অসতর্কতাবশত আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয় ঘটনার পর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।প্রশাসনিক দপ্তরের এত কাছাকাছি জঙ্গলে আগুন লাগার ঘটনা নিরাপত্তা ও নজরদারির ঘাটতির দিকেই ইঙ্গিত করছে। সময়মতো দমকলের হস্তক্ষেপে বড় বিপদ এড়ানো গেলেও, এমন ঘটনায় আরও সতর্কতা ও সচেতনতা জরুরি বলেই মত ওয়াকিবহাল মহলের।

