ব্রেক ফেল করে পিকআপে ধাক্কা, তারপর গ্যাস ট্যাঙ্কারে! বাঁশকোপা টোলে পরপর তিন গাড়ির সংঘর্ষ

দুর্গাপুর: ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ছোট পিকআপ ভ্যানে ধাক্কা, তারপর সেই পিকআপকে ধাক্কা মেরে গ্যাস ট্যাঙ্কারে গিয়ে সজোরে আছড়ে পড়ল কন্টেনার। কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অল্পবিস্তর আহত হয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির চালক ও খালাসিরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগাল্যান্ডের দিক থেকে আসছিল একটি কন্টেনার। বাঁশকোপা টোল প্লাজার কাছে আচমকাই কন্টেনারটির ব্রেক ফেল হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা একটি ছোট পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে।

ধাক্কার অভিঘাতে পিকআপটি ঘুরে যায় এবং কন্টেনারটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে থাকা একটি গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা মারে। পরপর তিনটি গাড়ির সংঘর্ষে টোল প্লাজার সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরানোর কাজে নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *