সংবাদদাতা দুর্গাপুর : রবিবার সকালেই চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন বেঙ্গল অম্বুজা এলাকায়। এদিন একটি বেসরকারি সংস্থার গ্যাসের পাইপলাইন আচমকাই ফেটে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন পাইপ থেকে দ্রুতগতিতে গ্যাস বেরোচ্ছে। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বিস্ফোরণের আশঙ্কায় এলাকা ছাড়তে শুরু করেন।স্থানীয়দের দাবি, জলের পাইপলাইনের কাজ করতে গিয়েই এই বিপত্তি ঘটে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় গ্যাস সরবরাহ, ফলে সিটি সেন্টারের একাংশের বাসিন্দারা সমস্যায় পড়েন।

এই পরিস্থিতিতে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেলেও, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আরও কড়াকড়ি প্রয়োজন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
