বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর : শিল্পশহর দুর্গাপুরের ক্রীড়া মানচিত্রে সংযুক্ত হতে চলেছে এক নতুন পালক “দুর্গাপুর লালবাবা রাইস স্পোর্টস কার্নিভাল”। ‘দুর্গাপুর ক্লাব সমন্বয়’-এর উদ্যোগে এবং ‘দুর্গাপুর লালবাবা রাইস স্পোর্টস কার্নিভাল ২০২৬’-এর অংশ হিসেবে আগামী ২৫শে জানুয়ারি, রবিবার এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ‘দুর্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথন’। ‘রান ফর ইউনিটি’ বা ঐক্যের জন্য দৌড়—এই থিমকে সামনে রেখেই আয়োজিত হচ্ছে এই বিশাল প্রতিযোগিতা। এই উপলক্ষে মঙ্গলবার উদ্যোক্তাদের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। ম্যারাথন আয়োজকদের তরফ থেকে জানানো হয়, দেশ-বিদেশের কয়েক হাজার প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন। পেশাদার অ্যাথলিটদের পাশাপাশি অপেশাদার দৌড়বিদ, তরুণ-তরুণী এবং প্রবীণদের জন্যও আলাদা বিভাগ রাখা হয়েছে। প্রতিযোগিতাকে চারটি প্রধান বিভাগে ভাগ করা হয়েছে — ২১ কিমি (হাফ ম্যারাথন), ১০ কিমি দৌড়, ৫ কিমি দৌড় এবং ২ কিমি (ফান রান)। ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার বিভাগে মোট পাঁচ লক্ষ টাকার পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে এবং অংশগ্রহণকারী সকল দৌড়বিদরা পাবেন অফিশিয়াল টি-শার্ট, ফিনিশার মেডেল এবং ডিজিটাল টাইমড সার্টিফিকেট। এছাড়াও স্পোর্টস কার্নিভালে ব্যাডমিন্টন, বাস্কেটবল, খো খো, টেবিল টেনিস, ব্রিজ, ফুটবল ও ক্রিকেট সহ বিভিন্ন আউটডোর খেলায় পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই উদ্যোগকে আরো শক্তিশালী করতে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের সমর্থন জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ম্যারাথনে অনলাইনে নাম নথিভুক্তকরণ শুরু হচ্ছে বুধবার থেকে।

লালবাবা রাইসের পক্ষ থেকে পার্থসারথি নন্দী বলেন, “খেলাধুলা শুধু শক্তিশালী ক্রীড়াবিদই নয়, শক্তিশালী মানুষ গড়ে তোলে। এই ম্যারাথন ও স্পোর্টস কার্নিভালের মাধ্যমে আমরা সুস্থ ও ঐক্যবদ্ধ যুব সমৃদ্ধি সমাজ গঠনে অবদান রাখতে চাই।”দুর্গাপুর ক্লাব সমন্বয়ে সভাপতি সন্দীপ দে জানান, “এই আন্তর্জাতিক ম্যারাথন ও স্পোর্টস কার্নিভাল দুর্গাপুরে একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি করে তুলতে এবং আগামী প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে অনুপ্রাণিত করতে আমাদের একান্ত উদ্যোগ।

“২৫ শে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার জোশ ব্যারেটো, অ্যালভিটো ডিকুনহা, চলচ্চিত্র অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় মিস ইন্ডিয়া সাইনি সরকার, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী, লালবাবা রাইসের ডিরেক্টর টাইটেল স্পন্সর পার্থসারথি নন্দী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে এবং রেস ডিরেক্টর প্রশান্ত সাহা। বস্তুত ম্যারাথনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। এই ম্যারাথন দুর্গাপুর শহরকে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তা বলাই বাহুল্য।
