ডিভিসি গেটে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগ না রাজনৈতিক কৌশল?

সংবাদদাতা ,দুর্গাপুর : শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীন ডিটিপিএস এর গেটের সামনে সোমবার সকালেই বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, একশ্রেণীর আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত, নিয়োগে চলছে পক্ষপাতিত্ব। কিন্তু প্রশ্ন উঠছে, এই অভিযোগের ভিত্তি কোথায়?বিক্ষোভ চলাকালীন নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসার ঘটনাও ঘটে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের নেতৃত্বে কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। আন্দোলনকারীদের দাবি, তাঁদের সংগঠনের কর্মীদের কাজ না দিয়ে ‘নির্বাচিতভাবে’ অন্যদের নিয়োগ করা হচ্ছে।

কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, ডিভিসি তো একটি কেন্দ্রের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা। নিয়োগ প্রক্রিয়া যদি কেন্দ্রীয় কাঠামোর মাধ্যমে হয়, তবে সেই প্রক্রিয়ার দায় রাজ্যের উপর চাপানোর চেষ্টা কেন? রাজনৈতিক ফায়দা তোলার কৌশল কি এর আড়ালে কাজ করছে?এই অভিযোগের জবাবে তীব্র কটাক্ষ করেছে শাসক দল। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,

“কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সংস্থায় নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে দায়ী করা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করাই বিজেপির উদ্দেশ্য।”প্রশ্ন উঠছে, যদি সত্যিই দুর্নীতির অভিযোগ থাকে, তবে কেন সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হল না? কেন তদন্তের দাবি তুলে প্রশাসনিক পথে হাঁটা হল না? সরাসরি গেটের সামনে বিক্ষোভ, একি কর্মসংস্থানের স্বচ্ছতার দাবি, নাকি রাজনৈতিক মেরুকরণের প্রচেষ্টা?শিল্পাঞ্চল দুর্গাপুর দীর্ঘদিন ধরেই কর্মসংস্থান ও উৎপাদনের প্রশ্নে সংবেদনশীল। সেখানে অস্থিরতার বার্তা কি বিনিয়োগ ও কর্মপরিবেশের পক্ষে শুভ?ডিভিসি গেটের এই বিক্ষোভ একাধিক প্রশ্ন সামনে এনে দিয়েছে। দুর্নীতির অভিযোগ যদি সত্যিই থাকে, তবে তার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কিন্তু কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো, এতে রাজনৈতিক উদ্দেশ্যের গন্ধই প্রবল। নির্বাচনের আগে শিল্পাঞ্চলে উত্তাপ বাড়িয়ে বাস্তব সমস্যার সমাধান হয় না; বরং সাধারণ শ্রমিক ও কর্মসংস্থানের পরিবেশই ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখার, অভিযোগ প্রমাণের পথে এগোয়, নাকি এই ইস্যু শুধুই নির্বাচনী মঞ্চে সীমাবদ্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *