চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা, দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’ শেড চালু

সংবাদদাতা দুর্গাপুর : রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আগেই চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। সেখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে ডিম-ভাতের মতো পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়। এবার সেই ক্যান্টিনে খাবার গ্রহণকারী মানুষদের কথা ভেবেই তৈরি করা হল একটি শেড, যাতে রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্বাচ্ছন্দ্যে বসে খাবার খেতে পারেন সাধারণ মানুষ। শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য আধিকারিকরা। এদিন ফিতে কেটে ‘মা ক্যান্টিন’-এর শেডের উদ্বোধন করেন রাজ্যমন্ত্রী। উদ্বোধনের পর তিনি ক্যান্টিন পরিদর্শন করে পরিষেবা সম্পর্কে খোঁজখবরও নেন।

চিকিৎসার জন্য প্রতিদিন বহু মানুষ দূরদূরান্ত থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেন। অনেক সময় রোগীর আত্মীয়দের দীর্ঘক্ষণ হাসপাতালে থাকতে হয় এবং খাবারের সমস্যায় পড়তে হয়। সেই বিষয়টি মাথায় রেখেই ‘মা ক্যান্টিন’ চালু করা হয়েছে, যেখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পুষ্টিকর ডিম-ভাত পাওয়া যায়। নতুন শেড তৈরি হওয়ায় মানুষ এখন আরও স্বাচ্ছন্দ্যে বসে খাবার খেতে পারবেন।রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, হাসপাতালের পরিষেবাকে আরও মানবিক ও সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন বহু রোগী ও তাঁদের পরিজন হাসপাতালে দীর্ঘ সময় কাটান। তাঁদের জন্য স্বল্পমূল্যে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবারের ব্যবস্থা থাকায় অনেকটাই স্বস্তি মিলবে।হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মা ক্যান্টিন’-এর এই নতুন শেড কার্যত এক মানবিক উদ্যোগের দৃষ্টান্ত হয়ে উঠল। প্রশাসনের এই উদ্যোগে রোগী ও তাঁদের পরিজনদের দৈনন্দিন সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *