অষ্টম বর্ষে পড়ল দুর্গাপুর পুলিশ আবাসনের দুর্গোৎসব

সংবাদদাতা,দুর্গাপুরঃ সারা বছর ধরে যাদের কাঁধে থাকে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব,উৎসবের দিনগুলিতে যখন গোটা শহর মেতে ওঠে আনন্দের জোয়ারে,তখনও তাঁরা অতন্দ্র প্রহরী। হ্যাঁ,কথা হচ্ছে পুলিশ কর্মীদের। দুর্গাপুজোর দিনগুলিতে যখন সাধারণ মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমান,তখন তাঁদের ছুটি থাকে না। কিন্তু কর্তব্যের এই কড়া বেড়াজালের মাঝেই ঘরের আঙিনায় আনন্দের এক ফালি আলো নিয়ে আসে পুলিশ আবাসনের পুজো। বিভিন্ন জেলা ও মহকুমার পুলিশ কোয়ার্টার এবং পুলিশ লাইনের পুজো— সর্বত্রই এখন উৎসবের আমেজ। সারা বছর ডিউটির ব্যস্ততায় পরিবারকে সময় দিতে না পারার যে আক্ষেপ পুলিশ কর্মীদের থাকে,আবাসনের এই পুজো তা অনেকটাই মিটিয়ে দেয়। সাধারণ পুজোগুলির মতো এখানে বড় কোনো স্পন্সর বা কর্পোরেট জাঁকজমক হয়তো থাকে না,কিন্তু যা থাকে তা হলো আন্তরিকতা ও একতার মেলবন্ধন।

এবার অষ্টম বর্ষে পড়ল দুর্গাপুর পুলিশ লাইন আবাসন সর্বজনীন দুর্গাপুজো। দুর্গাপুর থানায় আয়োজিত অনুষ্ঠানে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ,পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিক ও পুজো কমিটির সদস্যরা। শুধু পুজো ও উৎসব উদযাপনই নয়,সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরেন উদ্যোক্তারা। পুজো কমিটির উদ্বোধন উপলক্ষ্যে পুজো কমিটির পক্ষ থেকে বেশ কিছু দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *