লাউদোহার সভায় বিজেপিকে ‘কৌরব’ বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

সংবাদদাতা,দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর বিধানসভার লাউদোহা থেকেই আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এক এক করে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও প্রচারে যাবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার পান্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানে দলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী রান্নার গ্যাস থেকে ভোটার তালিকায় নাম বাদ নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। দলের প্রথম জনসভায় তিনি স্পষ্ট করে দেন,এবারের নির্বাচনের লড়াই হলো কৌরবদের সঙ্গে পান্ডবদের। আমরা পান্ডব,ওরা কৌরব। এসআইআর নিয়ে তিনি বিজেপিকে নিশানা করেন এবং বলেন,এসআইআর করেছে। এরপর ডিটেনশন ক্যাম্প করতে চাইছে।

বাংলা অস্মিতা রক্ষা করার জন্য তৃণমূল আছে। তৃণমূল যতদিন আছে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না বলেও তিনি বাংলার মানুষকে আস্বস্ত করেন। অতিরিক্ত ভোটার তালিকায় অনেক ভোটারের নাম বাদ গেছে। সভায় এনিয়েও সরব হন মমতা। তিনি বলেন,বহু বৈধ ভোটারের নাম নেই তালিকায়। মায়ের নাম বাদ গেছে। অথচ ছেলের নাম আছে। কোথাও দেখা গেছে দাদার ও তাঁর পরিবারের সদস্যদের নাম আছে তালিকায়। অথচ ভাই ও তাঁর পরিবারের সদস্যদের নাম নেই। সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র অভিযোগ তুলে বলেন,বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে এসব করা হয়েছে। তাঁর অভিযোগ, যেখানে তৃণমূলের ভোট আছে সেখানকার ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দক্ষিণবঙ্গে মমতার এই প্রথম সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই দেখে তিনি মহিলাদের উদ্দেশ্য করে বলেন,ভোটের দিন বিজেপি হুজ্জুতি করতে এলে বাড়িতে যা আছে তাই নিয়েই রুখে দাঁড়ান। এদিনের সভায় আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক,কুলটির অভিজিৎ ঘটক,রানিগঞ্জের কালোবরণ মন্ডল,জামুড়িয়ার হরেরাম সিং সহ এই জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *