সংবাদদাতা ,দুর্গাপুর:— ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করার লক্ষ্যেই দুর্গাপুরে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচিকে আরও গতিশীল করল তৃণমূল কংগ্রেস। উন্নয়নের পাঁচালী গানের মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হল রাজ্য সরকারের উন্নয়নের বার্তা। এই কর্মসূচির আওতায় দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের মোট ছ’টি বুথে জনসংযোগ অভিযান চালানো হয়।মূলত তৃনমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প ও তার বাস্তব সুফল তুলে ধরা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা জেলা তৃনমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী, ২ নং ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা।

১৫ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন,“বাংলার উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাঁর দাবি, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের দৈনন্দিন জীবনে কীভাবে উপকারে এসেছে, তা মানুষ নিজের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করছেন।”একই সঙ্গে তিনি বিজেপির তরফে আনা অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে কটাক্ষ করেন।২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুর্গাপুরের প্রতিটি ওয়ার্ডে সংগঠন চাঙ্গা করতে চাইছে তৃণমূল। ‘উন্নয়নের সংলাপ’-এর মতো কর্মসূচির মাধ্যমে উন্নয়নের বার্তা ও রাজনৈতিক অবস্থান একসঙ্গে তুলে ধরে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোই এখন দলের মূল কৌশল,এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
