টেগর প্লেসের পর ট্যাং রোডে চুরি, আতঙ্কে এলাকাবাসী

সংবাদদাতা দুর্গাপুর : দুর্গাপুরে চুরির ঘটনা যেন কিছুতেই থামছে না। দিন দু’য়েক আগেই টেগর প্লেস এলাকায় দিনের বেলা ইস্পাত কারখানার এক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই, শনিবার রাতে আবার চুরির ঘটনা ঘটল ট্যাং রোড এলাকায়। এবার লক্ষ্য ছিল একটি টায়ারের দোকান।অভিযোগ, দুষ্কৃতীরা দোকানের পাশেই থাকা একটি ট্রান্সফরমারের গেট খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি দোকানের উপরে থাকা কিছু লোহার সামগ্রীও চুরি করার চেষ্টা চালায় তারা, যদিও শেষ পর্যন্ত তা নিয়ে যেতে পারেনি।


স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় ছ’মাস ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। তবুও পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না।

এমনকি অনেক ক্ষেত্রেই চুরির লিখিত অভিযোগ নিতেও অনীহা দেখাচ্ছে স্থানীয় এজোন ফাঁড়ির পুলিশ,এমন অভিযোগও উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে ওই ফাঁড়ি। অথচ খবর দেওয়া সত্ত্বেও এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়নি বলেই অভিযোগ। ক্রমাগত চুরি ও প্রশাসনিক উদাসীনতায় আতঙ্ক বাড়ছে দুর্গাপুরে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *